সাধের ভিখারিণী কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর দোলনচাঁপা কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে । দোলনচাঁপা কবি কাজী-নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ ।এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়।
সাধের ভিখারিণী
তুমি মলিন বাসে থাকো যখন, সবার চেয়ে মানায়!
তুমি আমার তরে ভিখারিনী, সেই কথা সে জানায়!
জানি, প্রিয়ে, জানি জানি,
তুমি হতে রাজার রানি,
খাটত দাসী, বাজত বাঁশি
তোমার বালাখানায়।
তুমি সাধ করে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়ি॥
দেবি! তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী,
শুধু ভিখারিকে ভালোবেসে সাজলে ভিখারিনী।
সব ত্যাজি মোর হলে সাথী,
আমার আশায় জাগচ রাতি,
তোমার পূজা বাজে আমার
হিয়ার কানায় কানায়!
তুমি সাধ করে মোর ভিখারিনী, সেই কথা সে জানায়॥
