বৃথা তুই কাহার পরে করিস্ অভিমান | Britha tui kahar pore korish oviman | গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী।
তিলক-কামোদ মিশ্র কাহারবা

বৃথা তুই কাহার পরে করিস্ অভিমান গানের কথাঃ
বৃথা তুই কাহার পরে করিস অভিমান।
পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ॥
রুপসির নয়নে জল নয়ন-শোভার তরে,
ও শুধু মেঘের লীলা নভে যে বাদল ঝরে,
চাতকের তরে তাহার কাঁদে না পরান॥
প্রণয়ের স্বপন-মায়া
ধরিতে মিলায় কায়া,
গোধূলির রঙের খেলা ক্ষণে অবসান॥
ফোটে ফুল কানন ভরে,
সে কি তো মালার তরে?
প্রেমে হায় জোর চলে না, নাহি প্রতিদান॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

