নাচে সুনীল দরিয়া আজি দিল দরিয়া – Nache shunil doriya aji dil doriya – গানটি গুল বাগিচা গ্রন্থের অংশ। গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী। ‘গুল-বাগিচা’য় ঠুংরী, গজল দাদরা, চৈতী, কাজরী, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্মসঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢং-এর গান দেওয়া হইল। আমার সৌভাগ্যবশত প্রায় সমস্ত গান গুলি ইতিমধ্যে লোকপ্রিয় হইয়া উঠিয়াছে।
ভৈরবী – দাদরা
নাচে সুনীল দরিয়া আজি দিল দরিয়া
নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
পূর্ণিমা চাঁদেরে পেয়ে।
কূলে তার ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে মিঠে আওয়াজে
নাচে জল-পরির মেয়ে॥
তার জল-ছলছল কূলে কূলে
ফেনিল যৌবন ওঠে দুলে;
চাঁদিনি উজল তনু ঝলমল
পরানে উছল জাগে জোয়ার,
আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে॥
জল-বালা মুক্তামালা গাঁথে নিরালা
চাঁদের তরে,
কাজল-বরনি তরুণী তটিনী চলেছে ধেয়ে॥
