নাইবা পেলাম আমার গলায় | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নাইবা পেলাম আমার গলায় গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

নাইবা পেলাম আমার গলায়

 

নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার,
তোমায় আমি ক’রব সৃজন- এ মোর অহংকার!
এমনি চোখের দৃষ্টি দিয়া
তোমায় যারা দেখলো প্রিয়া,
তাদের কাছে তুমি তুমিই। আমার স্বপনে
তুমি নিখিল-রূপের রাণী- মানস-আসনে!
সবাই যখন তোমায় ঘিরে ক’রবে কলরব,
আমি দূরে ধেয়ান-লোকে র’চব তোমার স্তব।

র’চব সুরধুনী-তীরে
আমার সুরের উর্বশীরে,
নিখিল কন্ঠে দুলবে তুমি গানের কন্ঠ-হার-
কবির প্রিয়া অশ্রুমতী গভীর বেদনার!
যেদিন আমি থাকবনা ক’ থাকবে আমার গান,
ব’লবে সবাই, ‘কে সে কবির কাঁদিয়েছিল প্রাণ?’
আকাশ ভরা হাজার তারা
রইবে চেয়ে তন্দ্রাহারা,
সখার সাথে জাগবে রাতে, চাইবে আকাশে
আমার গানে প’ড়বে মনে আমায় আভাসে!

বুকের তলা ক’রবে ব্যথা, ব’লবে কাঁদিয়া,
‘বন্ধু! সে কে তোমার গানের মানসী প্রিয়া?’
হাসবে সবাই, গাইবে গীতি,
তুমি নয়ন-জলে তিতি’
নতুন ক’রে আমার গানে আমার কবিতায়
গহীন নিরালাতে ব’সে খুঁজবে আপনায়!
রাখতে যেদিন নারবে ধরা তোমায় ধরিয়া
ওরা সবাই ভুলবে তোমায় দু’দিন স্মরিয়া,
আমার গানের অশ্রুজলে,
আমার বাণীর পদ্মদলে
দুলবে তুমি চিরন্তনী চির-নবীনা!
রইবে শুধু বাণী, সে-দিন রইবে না বীণা

নাইবা পেলাম আমার গলায়

 

নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার [ নজরুল সঙ্গীত ] – অরুপ বিশ্বাস :

 

 

Leave a Comment