নমো নটনাথ | Nomo notnath | গীতি শতদল গ্রন্থটির প্রকাশক ছিলেন ডি এম লাইব্রেরি। ৮+১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ছিল দেড় টাকা। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৪ সালের এপ্রিলে (১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ)। নজরুল ইসলাম এই গ্রন্থের প্রারম্ভে ‘দুটি কথা’ শীর্ষক ভূমিকায় লেখেন “গীতিশতদলে’র সমস্ত গানগুলিই গ্রামোফোন ও স্বদেশী মেগাফোন কোম্পানীর রেকর্ড়ে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি-শিল্পী বন্ধুর কল্যাণে ‘রেডিও’ প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতোমধ্যে জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই অবসরে তাঁহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।
দুর্গা – গীতাঙ্গী

নমো নটনাথ গানের কথাঃ
নমো নমো নমো নমঃ হে নটনাথ!
নব ভবনে করো শুভ চরণ-পাত।
নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে
বিশ্বজন-চিতে আনো নব-প্রভাত॥
তোমার জটাজূটে বহে যে জাহ্নবী
তাহারই সুরে প্রাণ জাগাও, আদি কবি!
শুচি ললাটতলে
যে শিশু শশী ঝলে,
তারই আলোকে হরো দুখ-তিমির-রাত॥
হে চির-সুন্দর, দেহো আশীর্বাদ –
হউক দূর সব অতীত অবসাদ।
লঙ্ঘি সব বাধা
তব পতাকা বহি,
ফুল্লমুখে সহি সকল সংঘাত॥
নব জীবনে লয়ে আশা অভিনব
ভুলি সকল লাজ গ্লানি পরাভব,
এ নাট-নিকেতনে আরতি করি তব
হে শিব, করো নব-জীবন সঞ্জাত॥



