গানের আড়াল কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি হৃদয়স্পর্শী কবিতা। ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত এই কাব্যগ্রন্থটিতে মোট ১৯টি কবিতা সংকলিত হয়েছে। চক্রবাকে কবি নজরুল তাঁর অন্তর্গত বেদনার ছবি, প্রেমের অনুভূতি এবং অতীত সুখস্মৃতির গভীর প্রকাশ ঘটিয়েছেন। এখানে বিদ্রোহী নজরুলের পরিবর্তে দেখা যায় এক সংবেদনশীল, প্রেমময় এবং অতীতমুখী রোমান্টিক কবিকে। গানের আড়াল কবিতাটিতেও নজরুল এক সুরময় বিষণ্নতায় ভরা হৃদয়ের কথাই বলেছেন। এই কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যজগতে কাজী নজরুল ইসলামের এক ভিন্নমাত্রিক অবদান হিসেবে স্বীকৃত, যা তাঁর কবি-সত্তার বহুবিধ রূপের পরিচয় বহন করে।
গানের আড়াল কবিতা
তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান --
এইটুকু শুধু রবে পরিচয় ? আর সব অবসান ?
অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়,
গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয় ?
হয়তো কেবলি গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা,
গানের বানী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা ?
হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি
কন্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণি' --
উপকূলে ব'সে শুনেছ সে সুর, বোঝ নাই তার মানে ?
বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দু'ল হয়ে শুধু কানে ?
হায় ভেবে নাহি পাই --
যে - চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই ।
সাগরের সেই ফুলে ফুলে কাদা কূলে কূলে নিশিদিন ?
সুরেরে আড়ালে মূর্চ্ছনা কাঁদে, শোনে নাই তাহা বীণ ?
আমার গানের মালার সুবাস ছুঁল না হৃদয়ে আসি' ?
আমার বুকের বাণী হল শুধু তব কন্ঠের ফাঁসি?
বন্ধু গো যেয়ো ভুলে -- প্রভাতে যে হবে বাসি, সন্ধায় রেখো না সে ফুল তুলে ! উপবনে তব ফোটে যে গোলাপ -- প্রভাতেই তুমি জাগি' জানি, তার কাছে যাও শুধু তার গন্ধ-সুষমা লাগি' । যে কাঁটা লতায় ফুটেছে সে-ফুল রক্তে ফাটিয়া পড়ি' সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি' দেখ নাই তারে ! -- মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ! ভোল মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কন্ঠের হার, হৃদয়ে কেহ নয় ! জানায়ো আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি-- কন্ঠ পারায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি !

চক্রবাক কাব্যগ্রন্থ এর অন্যান্য কবিতাঃ
- তোমারে পড়িছে মনে
- বাদল-রাতের পাখি
- স্তব্ধ রাতে
- বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি
- কর্ণফুলী
- শীতের সিন্ধু
- পথচারী
- মিলন-মোহনায়
- গানের আড়াল
- তুমি মরে ভুলিয়াছ
- হিংসাতুর
- বর্ষা-বিদায়
- সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
- অপরাধ শুধু মনে থাক
- আড়াল
- নদীপারের মেয়ে
- ১৪০০ সাল
- চক্রবাক
- কুহেলিকা
