উপেক্ষিত কবিতা – কাজী নজরুল ইসলাম ( দোলনচাঁপা কাব্যগ্রন্থ – ১৯২৩ )

উপেক্ষিত কবিতাটি বিদ্রোহী কবি কাজী-নজরুল ইসলাম এর দোলনচাঁপা কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে । দোলনচাঁপা কবি কাজী-নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ ।এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়।

 

উপেক্ষিত কবিতা

কান্না-হাসির খেলার মোহে অনেক আমার কাটল বেলা,

কখন তুমি ডাক দেবে মা,​​ কখন আমি ভাঙব খেলা?

 ​​ ​​ ​​ ​​ ​​​​ অজানাকে আনতে জিনে

 ​​ ​​ ​​ ​​ ​​​​ জগৎটাকে ফেলনু চিনে,

 ​​ ​​ ​​ ​​ ​​​​ চাই যারে মা তায় দেখিনে

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ ফিরে এনু তাই একেলা

পরাজয়ের লজ্জা নিয়ে বক্ষে বিঁধে অবহেলা॥

আজকে বড় শ্রান্ত আমি আশায় আশায় মিথ্যা ঘুরে,

ও মা এখন বুকে ধরো মরণ আসে ঐ অদূরে!

 ​​ ​​ ​​ ​​​​ সৃষ্টিটাকে পায়ের তলে

 ​​ ​​ ​​ ​​​​ এসেছি মা হেলায় সলে,

 ​​ ​​ ​​ ​​​​ হৃদয় শুধু জিনতে বলে

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ খেয়ে এনু পায়ের ঠেলা

আর সহে না মাগো এখন আমায় নিয়ে হেলাফেলা॥

বিশ্বজয়ের গর্ব আমার জয় করেছে ঐ পরাজয়,

ছিন্ন-আশা নেতিয়ে পড়ে,​​ ও মা এসে দাও বরাভয়!

 ​​ ​​ ​​ ​​​​ চারদিকে মা প্রবঞ্চনা

 ​​ ​​ ​​ ​​​​ ভালোবাসার গিল্টিসোনা,

 ​​ ​​ ​​ ​​​​ আজ মণি কাল ধূলি-কণা,

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ জুয়ার হাট এই প্রেমের মেলা!

খুইয়েছি সব সাধের খেলায়,​​ বুক ভেঙেছে হেলার ঢেলা!

এখন তুমি নাও মা কোলে,​​ নয় অকূলে ভাসাই ভেলা॥

Leave a Comment